Logo
Logo
×

সংবাদ

নিকারের সভা

৪ নতুন থানা স্থাপন ও মহিলা-শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

৪ নতুন থানা স্থাপন ও মহিলা-শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের অনুমোদন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে চারটি নতুন থানা স্থাপন এবং একটি মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। নতুন থানাগুলো হলো: গাজীপুর জেলার পূর্বাচল উত্তর; নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ; কক্সবাজার জেলার মাতারবাড়ী এবং নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে আরও একটি নতুন থানা।

এ ছাড়া, ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়েছে।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে এই মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান দুটি বিভাগ—‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’—কে পুনরায় একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় সায় পেয়েছে।

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে নিকার। এর ফলে জেলাটির প্রশাসনিক গুরুত্ব ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন