চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ নয়
জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুলে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ দেওয়া হচ্ছে না। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ২৪ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন হিসেবে ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।
মামলায় মোট আটজনকে আসামি করা হয়। তাদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— মো. আরশাদ হোসেন, সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক চারজন হলেন— সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মো. আখতারুল ইসলাম ও মোহাম্মদ ইমরুল।
রায় ঘোষণার দিনে গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অন্য চারজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন।
মামলার সাক্ষ্য পর্বে ২৬ জন সাক্ষী জবানবন্দি দেন। এর মধ্যে প্রথম সাক্ষী হিসেবে শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ এবং পরে শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান, আনাসের মা সানজিদা খান দীপ্তিসহ নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা আদালতে আসেন।
২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালায়। এতে ছয়জন নিহত হন। নিহতরা হলেন— শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।
প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে। অপরদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে বেকসুর খালাসের দাবি জানিয়েছে।

