Logo
Logo
×

সংবাদ

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে হামলা হয় মাইকে ঘোষণা দিয়ে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে হামলা হয় মাইকে ঘোষণা দিয়ে

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে হামলা হয় মাইকে ঘোষণা দিয়ে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ জন এসে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে র‍্যাব-৭-এর নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিন সদস্য। তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, র‍্যাবের গাড়ি লক্ষ্য করে লাঠিসোঁটা হাতে ধাওয়া দেন একদল লোক। গাড়ির কাচও ভাঙচুর করা হয়। হামলার সময় মাইকে ‘ফটক আটকে দেওয়ার’ ঘোষণা শোনা যায়।

একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত কয়েকজন র‍্যাব সদস্য একটি কক্ষে বসে আছেন, মাথা ও শরীরে ব্যান্ডেজ বাঁধা। পুলিশ সদস্যরা আহতদের দ্রুত গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, ৪৩ সদস্যের একটি দল নিয়ে তারা অভিযানে গিয়েছিলেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে হামলা হয়। হামলার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানান তিনি।

জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারি পাহাড় কেটে এখানে গড়ে তোলা হয়েছে হাজারো অবৈধ বসতি। চলছে অব্যাহত দখল ও প্লট বাণিজ্য। ভূমিদস্যুদের তৈরি বাহিনী এলাকায় সশস্ত্র পাহারা দেয়।

পুলিশ ও প্রশাসন একাধিকবার হামলার শিকার হয়েছে এ এলাকায়। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে জেলা প্রশাসনের কর্মকর্তাদের ওপর ককটেল ও ইটপাটকেল ছোড়া হয়। আহত হন অন্তত ২০ জন।

২০২২ সালেও একাধিকবার র‍্যাব ও প্রশাসনের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এলাকায় প্রবেশের জন্য পরিচয়পত্র দেখাতে হয়। বাইরের কেউ প্রবেশ করতে পারলে তা ব্যতিক্রম বলেই গণ্য হয়।

অভিযানের ঘটনায় প্রশাসন ও র‍্যাব যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে র‍্যাব। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন