অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও গণভোট সংক্রান্ত কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। আজ সোমবার নগরীর টাউন হল মিলনায়তনে গণভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ পরিচালিত না হয় এই দায়িত্ব শহীদরা আমাদের দিয়ে গেছেন। অতীতের ব্যক্তিতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি রোধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।
আলী রীয়াজ আরও বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব এবং এতে কোনো আইনগত বাধা নেই। সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনায় একবাক্যে মত পাওয়া গেছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের ওপর গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা নেই। যারা ভিন্ন কথা বলছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে অথবা ভিন্ন উদ্দেশ্যে বিষয়টি উত্থাপন করছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ভোট নিয়ে অনাস্থার কারণে অনেকের কাছে গণভোট নতুন অভিজ্ঞতা। তাই জনগণকে বোঝাতে হবে কীভাবে ব্যালটে ভোট দিতে হবে এবং ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের অর্থ কী। ব্যালটে ‘টিক চিহ্ন’কে প্রচারণার মূল প্রতীক ধরে মানুষকে ভোটকেন্দ্রে আনতে হবে।
