আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক: অর্থ উপদেষ্টা
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা সকলে সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী লোক আসুক। জনদরদি মানুষ আসুক।
আজ সোমবার দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে। আমরা কিছু সংস্কার করেছি। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
ভোট নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন হবে না, এখনতো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দলতো আসতে পারবে না।
অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করেছি। দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।
ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোটের স্টলগুলো পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন।
