ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি, রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার তলব
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা তলব করেছেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জনসভা আয়োজন এবং দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে তাকে সশরীরে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।
চিঠিতে উল্লেখ করা হয়, জানুয়ারির শুরুর দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় এক নির্বাচনী সভায় ৪০০ থেকে ৫০০ মানুষের সামনে রুমিন ফারহানা মাইক ব্যবহার করে বক্তৃতা দেন। সেখানে একটি বড় মঞ্চ তৈরি করা হয়। এটি আচরণবিধি ২০২৫-এর সরাসরি লঙ্ঘন।
ঘটনার সময় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসমাবেশ বন্ধের নির্দেশ দেন। চিঠিতে বলা হয়েছে, তখন ব্যারিস্টার রুমিন ফারহানা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি বলেন— ‘আমি যদি না বলি, এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাখেন।’
চিঠিতে আরও অভিযোগ আনা হয়, রুমিন ফারহানা প্রকাশ্যে ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করেন। তার কর্মী-সমর্থকরাও আগ্রাসী আচরণ করেন, যা আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ ছিল।
এই ঘটনাকে ‘মব তৈরি করে বিচারিক কাজে বাধা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

