তিন দাবিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় অবরুদ্ধ করেছে ছাত্রদল
তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল। আজ রোববার বেলা ১১টার দিকে তারা সেখানে জড়ো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা থেকে আসা শত শত নেতা-কর্মীও যোগ দেন এই কর্মসূচিতে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসির মূল ফটকের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে। ব্যারিকেডের ঠিক সামনেই সড়কে বসে অবস্থান নিয়েছে ছাত্রদল। সেখানে চলছে স্লোগান আর নেতাদের বক্তব্য।
নাছির উদ্দিন নাছির বলেন, সামনে জাতীয় নির্বাচন। অথচ একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করতে চায়। ছাত্রদল এই চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার মতে, তিনটি গুরুতর ইস্যু সামনে রেখে এই কর্মসূচি পালিত হচ্ছে।
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

