Logo
Logo
×

সংবাদ

সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেছেন, সাংবাদিকদের একটি ভবনের ওপরে রেখে চারদিকে আগুন লাগিয়ে দমকল বাহিনী আসতে বাধা দিয়ে ওই সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতারই বহিঃপ্রকাশ। আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে আয়োজিত 'গণমাধ্যম সম্মিলন ২০২৬'-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে দেশে প্রথমবারের মতো এই সম্মিলনের আয়োজন করা হয়েছে।

নূরুল কবীর বলেন, এটি একটি ভবনের ওপর হামলা নয়, কিংবা যন্ত্রপাতি বা সম্পদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশও নয়। সভ্যতার এই পর্যায়ে এ ধরনের ঘটনা বর্বরতা ছাড়া আর কিছুই না।

নূরুল কবীর আরও বলেন, এসব হামলা কোনো পত্রিকার সম্পাদকীয় অবস্থানের সঙ্গে একমত বা দ্বিমত হওয়ার বিষয় নয়। আজ একটি সংবাদপত্রের ওপর হামলা হয়েছে। আগামীকাল আরেকটির ওপর হতে পারে, তার পরের দিন অন্য কারও ওপর। এমন পরিস্থিতিতে সংঘবদ্ধ থাকাটা খুব জরুরি।

নূরুল কবীর বলেন, সমাজে ভিন্নমত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে। এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাধীন, সক্রিয় ও নির্ভীক গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেন নূরুল কবীর।

নূরুল কবীর আরও বলেন, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সাংবাদিকতায় আসে, তা কখনোই অপরাধ হতে পারে না। যখন গণমাধ্যমগুলোকে আক্রমণ করা হয় বা স্তব্ধ করার চেষ্টা চলে, তখন তা পুরো সমাজের অধিকারকে হুমকির মুখে ফেলে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন