Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন

রাজধানী ঢাকায় শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন। স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধে আঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠে শনিবার সকাল থেকে শুরু হয় এই আয়োজন।

সকাল ১০টার পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মিলনের সূচনা হয়। এরপর দেশের সংবাদমাধ্যমের ওপর বিভিন্ন সময়ে ঘটে যাওয়া রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও চাপের ঘটনাগুলো তুলে ধরা হয়।

এই সম্মিলন হচ্ছে রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে সম্মিলনের আয়োজন করেছে।

আয়োজকদের ভাষ্যে, বাংলাদেশে সম্প্রতি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর একের পর এক আঘাত নেমে আসছে। ধারাবাহিকভাবে সংঘটিত এসব সহিংসতা এবং গণমাধ্যমের ওপর চাপ নজিরবিহীন। এর প্রতিবাদে এবং সাহসী, দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে সংহতির বার্তা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদ জানাতে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক একটি সভা হয়েছিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

সেই সভাটি অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর, যা আয়োজন করেছিল নোয়াব ও সম্পাদক পরিষদ। ওই সভায় নোয়াব সভাপতি এ. কে. আজাদ সাংবাদিকদের একটি মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন