বাড়িতে আগুন লেগে রাজধানীর উত্তরায় ৬ জনের মৃত্যু, আহত ১৩
বাড়িতে আগুন লেগে রাজধানীর উত্তরায় ছয় জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
আগুন লাগে বাড়িটির দ্বিতীয় তলায়। প্রচুর আসবাব থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়। আগুনে দগ্ধ ও আহত ১০ জনকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। প্রাণহানি ও হতাহতের ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

