ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছে বিএনপি। প্রতিষ্ঠানটির নির্লিপ্ততা নির্বাচনের পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে বাহরাইনে একটি বাসায় এবং ওমানে একটি গ্যারেজে ব্যালট পেপার পাওয়ার ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করছে। এটা অনুচিত বলে আমরা মনে করি। আমরা আশা করি, তারা তাদের আচরণে পরিবর্তন আনবে।
একটি দলের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ এনে নজরুল ইসলাম খান বলেন, দলটি শুধু ঢাকা মহানগরী নয়, অন্যান্য মহানগর এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় বিশেষ করে দরিদ্র এবং কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নম্বর এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে। আমরা আশঙ্কা করছি, তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। বিকাশ নম্বর নেওয়ার মাধ্যমে তারা অর্থ দিয়ে ভোটারদের প্রলুব্ধ করতে পারে। এটা শুধু অনৈতিক না; বেআইনী এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ায় এ বিষয়গুলো প্রকাশ হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করে নাই। গতকাল নির্বাচন কমিশনে গিয়েও আমরা এ বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এরপর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এখনো আমরা জানি না।
পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, বাহরাইনের পর একই ঘটনা আজকে ওমানেও আমরা দেখলাম। সেখানে একটা গ্যারেজে ব্যালট পেপার নিয়ে এক ব্যক্তি কাজ করছেন। যিনি করছেন, তাঁর নাম হুমায়ুন কবীর এবং সেখানে যারা বসবাস করেন, তাঁদের জানিয়েছেন, তিনি জামায়াতের একজন কর্মী। এসব ঘটনা খুবই উদ্বেগজনক।

