মঞ্জুরুল আহসান মুন্সীর রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টকে
ঋণখেলাপির তালিকায় থাকা কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিষয়ে জারি করা রুল আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে, মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আগের আদেশ বহাল রাখা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তাঁর ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ নেই।
অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ মামুন বলেন, চেম্বার আদালতে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। আদালত বিষয়টি আপিল বিভাগের প্রধান বিচারপতির বেঞ্চে না পাঠিয়ে হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, “ইতোমধ্যে ব্যাংকে ঋণ পরিশোধ করা হয়েছে, তাই নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই।”
এর আগে গত ৮ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে সেই আদেশ প্রত্যাহারের আবেদন করেন তিনি।
এই মামলায় প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

