থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৬৪
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উড়াল রেলপথের একটি ক্রেন ভেঙে পড়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আরও ৬৪ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দেশটির নাখন রাতচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
প্রদেশের জনসংযোগ বিভাগ জানায়, ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী দ্রুতগতির ট্রেনটি চলন্ত অবস্থায় থাকাকালীন উড়াল রেলপথ নির্মাণে ব্যবহৃত একটি ভারী ক্রেন হঠাৎ ভেঙে পড়ে ট্রেনটির ওপর আছড়ে পড়ে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে জনসংযোগ বিভাগ।
থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী পিপাত রাতচাকিটপ্রাকান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। তিনি এ ঘটনার কারণ উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। থাইল্যান্ড সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে।

