ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা জানিয়েছেন।
আখতার আহমেদ জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে মোট ৭০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া ১৭ টি আপিল না মঞ্জুর করা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলে গত ৪ দিনে আপিলের শুনানি শেষে ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, গত শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়ে চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়।
গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

