নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রবিবার দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশন আজ রোববার ৭১টি আপিলের শুনানি করে। এর মধ্যে ৫৮টি আপিল মঞ্জুর, সাতটি খারিজ ও ছয়টি পরে নিষ্পত্তির জন্য মুলতবি রাখা হয়েছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল, তা শেষপর্যন্ত টেকেনি। আমি প্রথমেই আল্লাহর কাছে শোকর আদায় করছি। আমার বিশ্বাস ছিল, এই ষড়যন্ত্র টিকবে না।’
ব্যাংকঋণ-সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমার বিরুদ্ধে খেলাপি হওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা। ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিশ তৈরি করা হয়েছিল। বিষয়টি জানার পর ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগাযোগ করি। পরে ওই ব্যাংক কর্মকর্তা শাস্তিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ ও ট্রান্সফার হন। কিন্তু এই তথ্য মিডিয়ায় আসেনি।’
