Logo
Logo
×

সংবাদ

কুড়িগ্রামে বিএসএফের সড়ক নির্মাণ বন্ধ করালো বিজিবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম

কুড়িগ্রামে বিএসএফের সড়ক নির্মাণ বন্ধ করালো বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সড়ক নির্মাণ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট–১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণকুঠি বিএসএফ ক্যাম্পের ইনস্পেক্টর দীপক কুমার। উভয় পক্ষের ছয়জন করে ১২ জন সদস্য বৈঠকে অংশ নেন।

বিজিবি সূত্র জানায়, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪ থেকে ১১ সাব-পিলার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের ভেতরে একটি পুরোনো সড়ক রয়েছে। সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো দেশ নতুন সড়ক বা স্থাপনা নির্মাণ করতে পারে না। তবে বিএসএফ সদস্যরা গত চারদিন ধরে সড়কের পাশে নতুন পাকা সড়ক নির্মাণ শুরু করেন, যা সীমান্তের খুব কাছাকাছি ছিল।

স্থানীয়রা জানান, বিজিবি সদস্যরা কয়েক দফা টহল দিয়ে কাজ বন্ধের চেষ্টা করেছেন, কিন্তু রাতে বিএসএফ কাজ চালিয়ে যায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়।

বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের জানিয়েছেন, "বর্তমানে বিজিবি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।"

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন