চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিরফকির হাট এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা–চট্টগ্রাম তেল পাইপলাইন কেটে তেল চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে পাইপলাইন ফেটে আশপাশে তেল ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাটির নিচে থাকা পাইপলাইন থেকে অনবরত তেল বের হয়ে এলাকায় ছড়িয়ে পড়তে থাকায় স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে পুলিশ, বিপিসি ও সংশ্লিষ্ট একাধিক সরকারি সংস্থা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাইপলাইনের পাশেই একটি অস্থায়ী ঘর তৈরি করে একটি চক্র দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছিল। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও পাইপ ফেটে তেল ছড়িয়ে পড়ায় বিষয়টি সামনে আসে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, বিপিসির কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পাইপলাইনের মেরামত কাজ সম্পন্ন করে তেল নির্গমন বন্ধ করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে না পড়লে ঘটনাটি হয়তো নজরেই আসত না। ইতোমধ্যে অস্থায়ী ঘরটির মালিক ও ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, জায়গার মালিক নূরজাহানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, এখনো বিপিসির পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়নি। তবে তেল চুরির সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
