'দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত'
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। ২০৩০ সালের মধ্যেই সরকার শিশুশ্রম দূর করতে চায়।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে শিশুশ্রম নির্মূলে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব তথ্য জানান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী এই কর্মশালার আয়োজন করে।
সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, শিশুশ্রমে যুক্ত শিশুরা শিক্ষা ও স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তাদের শারীরিক, মানসিক ও মানবিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং একটি সম্ভাবনাময় প্রজন্ম ধ্বংসের ঝুঁকিতে পড়ছে। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজসহ সব ধরনের শিশুশ্রম নির্মূলে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

