এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত
সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে আমদানিকৃত এলপি গ্যাসে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত এলপিজির ওপর ভ্যাট ৭.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই শুল্ক পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমানো এবং বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। প্রস্তাবিত ভ্যাট হ্রাস সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। ফলে খুচরা বাজারে কোথাও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেল ও রেস্তোরাঁগুলো বিকল্প উপায়ে রান্না চালিয়ে গেলেও, অনেক বাসাবাড়িতে চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না।
হঠাৎ করে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা। রান্না নিয়ে বিপাকে পড়ে একপ্রকার জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

