সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীরা আজ থেকে সারা দেশে ধর্মঘটে
সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে। দাবি না মানা পর্যন্ত সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে তারা।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল সমিতি।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি কোনো আলোচনায় না গিয়ে একতরফাভাবে এলপিজির মূল্য নির্ধারণ করেছে। এতে পরিবেশক ও খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সমিতির বক্তব্যে আরও বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আতঙ্ক তৈরি হয়েছে। অভিযান চালিয়ে পরিবেশকদের হয়রানি করা হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি মনে করে, আমদানি-সংক্রান্ত সমস্যা সমাধানেই মূলত জোর দেওয়া উচিত ছিল। অথচ সেই পথে না গিয়ে দাম নিয়ে দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে। অভিযানের নামে তৈরি হচ্ছে অস্থিরতা।
সংগঠনটি পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করার দাবি জানিয়েছে।

