রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দু’জনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদের বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে আজিজুল হক মোসাব্বিরকে গুলি করেন। প্রাথমিকভাবে তাঁকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে তাঁর দলীয় নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
গুলিবিদ্ধ নেতার ভর্তির ঘটনায় বিআরবি হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। ৫০-৬০ জন নেতা-কর্মী তাঁদের দাবিদাওয়া নিয়ে হোটেল সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিংয়ে অবস্থান নিয়েছেন। সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিং বন্ধ রয়েছে।

