Logo
Logo
×

সংবাদ

প্রধান আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

প্রধান আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা অবরুদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে (হাদি) গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে ফয়সাল করিম মাসুদ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলো বিশ্লেষণ করে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রাথমিক অনুসন্ধানে খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসে অর্থায়ন এবং সংঘবদ্ধ অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত সম্পৃক্ত অপরাধ হিসেবে বিবেচিত।

সিআইডির তথ্যমতে, ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবে মোট ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা জমা রয়েছে, যা আদালতের নির্দেশে অবরুদ্ধ করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন