ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে বাংলাদেশিদের ১৮ লাখ টাকা জামানত
যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় প্রবেশের ক্ষেত্রে নতুন করে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। ভিসা বন্ডের আওতাভুক্ত দেশের তালিকা সম্প্রতি ব্যাপকভাবে সম্প্রসারণ করেছে যুক্তরাষ্ট্র সরকার। এতে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের নাম যুক্ত হয়েছে। এর ফলে এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। এর এক সপ্তাহ আগেই সাতটি দেশকে এই তালিকায় যুক্ত করা হয়েছিল। নতুন সংযোজনের মাধ্যমে ভিসা বন্ডের শর্ত আরোপ করা দেশের সংখ্যা প্রায় তিন গুণে পৌঁছেছে।
বাংলাদেশি মুদ্রায় এই জামানতের সর্বোচ্চ অঙ্ক দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। ডলারের বর্তমান বিনিময় হার অনুযায়ী এই হিসাব নির্ধারণ করা হয়েছে।
ভিসা বন্ড মূলত একটি আর্থিক জামানত। কোনো দেশের সরকার নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিককে অস্থায়ী ভিসা দেওয়ার সময় এই অর্থ জমা রাখতে বলে। এর উদ্দেশ্য হলো, ভিসাপ্রাপ্ত ব্যক্তি যেন ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান না করেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশ ত্যাগ করলে এই জামানত ফেরত দেওয়ার বিধান থাকে।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও অস্থায়ী কর্মী নন-ইমিগ্র্যান্ট ভিসায় প্রবেশ করেন। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে সেটিকে ভিসা ওভারস্টে হিসেবে গণ্য করা হয়।
বিশ্বের অধিকাংশ দেশ ভিসা দেওয়ার সময় আর্থিক সক্ষমতার প্রমাণ চায়। তবে ভিসা বন্ডের মতো ফেরতযোগ্য জামানতের ব্যবস্থা সাধারণত খুব কম দেশেই চালু রয়েছে। অতীতে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য সীমিত পরিসরে এমন ব্যবস্থা চালুর উদ্যোগ নিলেও পরে তা বাতিল করা হয়।

