যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের ভোট গণনা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে জকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিচুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত আছে। এই পরিস্থিতিতে সব প্যানেল, স্বতন্ত্র ভিপি ও জিএসের সঙ্গে উপাচার্যের সভাকক্ষে বৈঠক হবে। সেখানে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করব।
এর আগে দুদফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

