জকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বেলা তিনটায়। ভোট গ্রহণ শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে মাইকিং করে নির্দেশ দেওয়া হচ্ছে। এখন বিভিন্ন বিভাগ থেকে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু এ নির্বাচন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয় বেলা ৩ টায়। তখন থেকে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ব্যালট বাক্স নিয়ে যেতে দেখা গেছে। এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনও হয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এবার প্রথম বারের মতো এই নির্বাচনে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা।
তীব্র শীতের মধ্যেই নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। শুরুতে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখা গেলেও বেলা ১১টার পর ভিড় অনেকটা কমে যায়। তবে সাড়ে ১২টার পর শিক্ষার্থীদের উপস্থিতি আর উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখা যায়। পাশাপাশি ক্যাম্পাসের প্রতিটি ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

