জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রথম নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলের ভিপি প্রার্থীরা। প্রত্যাশা একটাই—সুষ্ঠু নির্বাচন এবং শিক্ষার্থীদের রায় অনুযায়ী জয়ের হাসি।
‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব সকাল সাড়ে ৯টার দিকে ভোট দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২১২ নম্বর কক্ষে।
ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকেই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। শেষ পর্যন্ত যেন এমন থাকে, সেটাই চাই।’
রাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি তাদের মধ্যে ভালো সাড়া পেয়েছি। নির্বাচনে যে-ই জিতুক, শেষ পর্যন্ত লাভবান হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’
অন্যদিকে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ভোট দেন আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নম্বর কক্ষে।
তিনি বলেন, ‘আমি মাত্র ভোট দিলাম। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যক্রম নিরপেক্ষ মনে হচ্ছে। যদি তারা এই নিরপেক্ষতা ধরে রাখতে পারে, তাহলে একটি সুন্দর নির্বাচন প্রত্যক্ষ করব ইনশাআল্লাহ।’
রিয়াজুল আরও বলেন, ‘জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে যেই নির্বাচিত হোক, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।’
বিশ্ববিদ্যালয় হিসেবে পথচলার দুই দশক পর এই প্রথমবারের মতো শিক্ষার্থীরা সরাসরি ভোটে নির্বাচিত করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের প্রতিনিধি। মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে একটানা বেলা ৩টা পর্যন্ত।
পাঁচটি একাডেমিক ভবনের ৩৯টি কেন্দ্রে স্থাপিত ১৭৮টি বুথে ভোট দিচ্ছেন সাড়ে ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী। তাদের ভোটে গঠিত হবে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ।
জকসুর ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চারটি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী হয়েছেন ১৫৭ জন। তবে বাস্তব প্রতিদ্বন্দ্বিতা ছাত্রদল ও ছাত্রশিবির নেতৃত্বাধীন দুই প্রধান প্যানেলের মধ্যে হবে বলেই বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা চলছে।

