জকসু নির্বাচন
কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে নারী আটক, যুবককে মারধর
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করেছে পুলিশ। ভোটার, প্রার্থী বা এজেন্ট না হওয়া সত্ত্বেও তিনি কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগে এক যুবককে মারধর করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এসব ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটক নারী ও পিটুনির শিকার যুবকের পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, কয়েক দফা পিছিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জকসু ও হল সংসদ নির্বাচন। আজ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ আধা ঘণ্টা পরে সকাল ৯টায় শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।
এবারের জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে বুথ থাকছে। ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, মঙ্গলবার সকালে ভোট শুরুর আগে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে রাতে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোটগণনা করা হবে।
নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

