‘নিরাপত্তার কারণে’ পতাকা না উড়িয়ে সফর শেষ করেন জয়শঙ্কর
ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
বাংলাদেশে অবস্থান কালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর নিজের গাড়িতে দেশের পতাকা ব্যবহার করেননি। প্রথা অনুযায়ী তাকে বহনকারী গাড়িতে পতাকা উড়ানোর কথা থাকলেও নিরাপত্তার কারণে তা করা হয়নি।
ভারতীয় বিমান বাহিনী পরিচালিত এক বিশেষ ফ্লাইটে বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জয়শঙ্কর।
তারপর বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকারের ভেতর দিয়ে কঠোর নিরাপত্তা বলয় নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান তিনি।
একজন নিরাপত্তা কর্মকর্তা বাংলা আউটলুককে বলেছেন, ‘তাকে বহনকারী গাড়িটি র্যাব ও ডিএমপির কঠোর নিরাপত্তা বেষ্টিত ছিলো। আর নিরাপত্তার কারণে ইন্ডিয়ান ফ্লাগ জয়শঙ্করের গাড়িতে ছিল না।’
গত বুধবার জয়শঙ্কর দেখা করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে।
এসময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিকও এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
জয়শঙ্কর ভারত সরকার ও সে দেশের জনগণের পক্ষে এক শোকবার্তা খালেদা জিয়ার পরিবারের কাছে পৌঁছে দেন।
এদিকে, সব আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই তিনি একই ধরনের নিরাপত্তায় আবার বিমান বন্দরে ফেরেন। পরে বিকাল ৪টার কিছু আগে তিনি একই বিমানে ভারতে ফিরে যান।
এ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হলে সেখান থেকে বৃহস্পতিবার জানানো হয়, ঘটনাটি ‘সত্য নয়।’
বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে কথা বলতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এস এম মাহবুব আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
