এলপিজির অস্বাভাবিক দামে ভোগান্তি, সরবরাহ ঘাটতির অভিযোগ
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
১২ কেজির একটি সিলিন্ডার কিনতে কোথাও ১ হাজার ৮০০, আবার কোথাও ২ হাজার ১০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। অথচ সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ২৫৩ টাকা।
খুচরা বিক্রেতারা জানাচ্ছেন, সরবরাহ সংকটের কারণে তারা চাহিদামতো এলপিজি পাচ্ছেন না। ফলে নিরুপায় হয়ে বেশি দামে কিনে আবার বেশি দামেই বিক্রি করছেন। বিক্রেতারা বলছেন, ১ হাজার সিলিন্ডারের চাহিদা দিলে পাওয়া যাচ্ছে ২০০ থেকে ৩০০টির মতো।
এলপিজি পরিবেশক সমিতির সভাপতি সেলিম খান জানান, অধিকাংশ কোম্পানি সরবরাহ বন্ধ রেখেছে। হাতে গোনা কয়েকটি কোম্পানি পণ্য দিচ্ছে, তাও বাড়তি দামে। কোম্পানিগুলো ৭০ থেকে ৮০ টাকা বেশি নিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, শীতের কারণে বিশ্ববাজারে এলপিজির চাহিদা ও দাম দুটোই বেড়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে আমদানির জাহাজসংকট। নিয়মিত এলপিজি পরিবহনের অন্তত ২৯টি জাহাজ এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায়। ফলে ডিসেম্বর মাসে আমদানি কমে ৯০ হাজার টনে নেমেছে, যেখানে গড়ে ১ লাখ ৩০ থেকে ৪০ হাজার টন এলপিজি আমদানি হয়ে থাকে।

