বসুন্ধরায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে ‘কে ব্লক’ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি ইমাউল হক।
নাঈম কিবরিয়ার খালাতো ভাই রফিকুল বলেন, নাঈম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। ১০ দিন আগে তিনি পাবনা থেকে এসে ঢাকার পূর্বাচলে তাঁর (রফিকুল) বাসায় ওঠেন। পাবনায় নাঈমের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন।
রফিকুল আরও বলেন, নাঈম তাঁর এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে বের হয়েছিলেন। রাতে তাঁর মুঠোফোনে কল দিলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তাকর্মী ধরেন। নিরাপত্তাকর্মী বলেন, নাঈমকে মারধর করে ফেলে রাখা হয়েছে। এরপর তিনি (রফিকুল) ঘটনাস্থলে গিয়ে নাঈমকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান।
ওসি ইমাউল হক জানান, নাঈম প্রাইভেট কার চালিয়ে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এরপরই মোটরসাইকেল আরোহীদের সাথে বাগ্বিতণ্ডা হয় নাঈমের। একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে মোটরসাইকেল আরোহীরা চলে যান। তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি ইমাউল বলেন, মোটরসাইকেল অরোহীদের চিহ্নিত করা যায়নি। সিসি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

