বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় পতাকাবাহী সংস্থাটির পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নীতিগত অনুমোদন পেয়েছে। এ তথ্য জানিয়েছেন বিমানের মুখপাত্র বোসরা ইসলাম।
বিমানের সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ২৪ নভেম্বর তারিখের বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রয় প্রস্তাব এবং ২০ ডিসেম্বর ২০২৫ জমা দেওয়া সংশোধিত খসড়া চুক্তি পর্যালোচনা করেছে। প্রস্তাবে বোয়িং জানায়, তারা ২টি বোয়িং ৭৮৭-৯, ৮টি বোয়িং ৭৮৭-১০ এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ সরবরাহে আগ্রহী।
পরিচালনা পর্ষদ প্রস্তাবটিকে নীতিগত অনুমোদন দেয় এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার অনুমতি দেয়।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, উড়োজাহাজের মূল্যসহ অন্যান্য শর্ত ও বিষয়ে বোয়িংয়ের সঙ্গে এখন আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
এর আগে, আগস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে আলোচনার সময় সরকার বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেয়।
সম্প্রতি বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এই প্রতিশ্রুতি ওয়াশিংটনের সঙ্গে একটি বৃহত্তর বাণিজ্য ব্যবস্থার অংশ।
বর্তমানে বিমানের বহরে বোয়িংয়ের উড়োজাহাজই বেশি। মোট ১৯টি উড়োজাহাজের মধ্যে ১৪টিই বোয়িংয়ের।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই অনুমোদন কেবল আনুষ্ঠানিক আলোচনার সূচনা হিসেবে গণ্য হবে, এবং চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত বিমানের ওপর কোনো আর্থিক বা আইনগত বাধ্যবাধকতা থাকবে না।
