Logo
Logo
×

সংবাদ

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় এই জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হয় খালেদা জিয়ার কফিন। বেলা ৩টা ২ মিনিটে জানাজা নামাজ শুরু হয়। শেষ হয় ৩টা ৫ মিনিটে।

নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনে অংশ নিতে দলটির বিপুলসংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছেন। কালো পোশাক ও ব্যাজ পরে, জানাজায় অংশ নিয়েছেন তাঁরা।

এ ছাড়া ৩২টি দেশের রাষ্ট্রদূত জানাজায় অংশ নেন। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকালেই ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অনুমোদন ছাড়া কাউকে সংসদ ভবনের উত্তর প্লাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন