হেঁটেই খালেদা জিয়ার জানাজায় যাচ্ছে মানুষ, আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক জনসমাগম হয়েছে। আজ বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড, তালতলা ও আশপাশের এলাকা থেকে মানুষের ঢল মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়ক বন্ধ রাখা হয়েছে। বর্তমানে কেবল মিরপুর ও মহাখালী—বনানীমুখী সড়কে সীমিত যান চলাচল করছে। ফলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ হেঁটেই জানাজাস্থলে পৌঁছাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, শিশুমেলা, তালতলা, শেরে বাংলা নগর থানা এলাকা ও নির্বাচন কমিশন ভবনসংলগ্ন প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শিশুমেলা, শেরে বাংলা নগর থানা এলাকা, তালতলা ও আগারগাঁও নির্বাচন কমিশন ভবনসংলগ্ন সড়ক ও অলিগলিতে সারি সারি দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসব যানেই রাত ও সকালে বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন।
শেরেবাংলা নগর সরকারি গার্লস স্কুলের সামনে সেনাবাহিনী সড়ক ডাইভারশন করেছে; সেখানে কেবল ডান দিকে মোড় নেয়ার সুযোগ রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও পরিকল্পনা কমিশনের সামনের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আগারগাঁও থেকে খামারবাড়ি—ফার্মগেটগামী পথও বন্ধ রাখা হয়েছে, তবে সাধারণ মানুষকে হেঁটে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এ সময় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ট্রাফিক বিভাগ জানায়, পরিস্থিতি বিবেচনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ডাইভারশন অব্যাহত থাকবে এবং জনসাধারণকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

