বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ
গুলশানে তারেক রহমানের বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহ সেখানে পৌঁছায়। তাকে শেষবারের মতো বিদায় জানাতে অজস্র মানুষ ইতোমধ্যে এই এলাকায় জড়ো হয়েছেন।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বেলা সাড়ে ৩টা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
এর আগে আজ সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতাকর্মীরা।

