মাইলস্টোন ট্র্যাজেডি
নিহত শিশুর পরিবারকে সর্বোচ্চ এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চায় সরকার
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের সর্বোচ্চ ৬০ লাখ টাকা এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে একটি প্যাকেজ চূড়ান্ত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুত করা কার্যপত্র অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
নিহতদের পরিবারকে প্রদেয় ক্ষতিপূরণ প্যাকেজের অর্ধেক অর্থ এককালীন নগদ হিসেবে দেওয়া হবে। বাকি অর্ধেক অর্থ পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র আকারে দেবে সরকার।
আহত শিশুদের ক্ষতিপূরণ প্যাকেজের ৫০ শতাংশ সমান দুই কিস্তিতে দেওয়া হবে। এক্ষেত্রে প্রথম কিস্তি পাওয়ার এক বছর পর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দীর্ঘমেয়াদি সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে, যা শিশুর বয়স ২৫ বছর না হওয়া পর্যন্ত উত্তোলন করা যাবে না।
প্রাপ্তবয়স্ক আহতদের ক্ষেত্রেও ক্ষতিপূরণ প্যাকেজের ৫০ শতাংশ সমান দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তির এক বছর পর দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হবে। বাকি ৫০ শতাংশ দীর্ঘমেয়াদি সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে, যা পাঁচ বছরের আগে উত্তোলন করা যাবে না।
জানা গেছে, ১৮ বছরের নিচে নিহত শিশু ও শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা এবং প্রাপ্তবয়স্ক নিহতদের ক্ষেত্রে ৮০ লাখ টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে।
এছাড়া অগ্নিদগ্ধতার মাত্রা অনুযায়ী আহত শিশুদের জন্য জনপ্রতি সর্বোচ্চ ৬০ লাখ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। আহতদের জন্য পৃথক চিকিৎসা ও পুনর্বাসন প্যাকেজও থাকতে পারে বলে জানা গেছে।
এছাড়া মাঝারি মাত্রার আহতদের ক্ষেত্রে শিশুদের জন্য ৩০ লাখ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। তুলনামূলকভাবে কম বা স্বল্পমেয়াদি আহতদের জন্য শিশুদের ক্ষেত্রে ১৫ লাখ টাকা এবং প্রাপ্তবয়স্কদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
দীর্ঘমেয়াদি বা গুরুতর অগ্নিদগ্ধ, যাদের প্রায় ১৫ বছর চিকিৎসা প্রয়োজন হবে, তাদের জন্য মোট ১৫ লাখ টাকার চিকিৎসা পুনর্বাসন প্যাকেজ সুপারিশ করেছে কমিশন। মধ্যম মাত্রার অগ্নিদগ্ধ, যাদের ১০ বছর চিকিৎসা প্রয়োজন, তাদের জন্য ৯ লাখ টাকা এবং যাদের পাঁচ বছর চিকিৎসা নিতে হবে, তাদের জন্য এক লাখ টাকা চিকিৎসা পুনর্বাসন প্যাকেজের সুপারিশ করা হয়েছে।

