বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা পরিবহনকালে মো. নবী হোসেন (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ একটি ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় আগত যাত্রী নবী হোসেনকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে আটক করা হয়।
পরে তাকে আর্মড পুলিশ অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি পায়ুপথে সুকৌশলে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন। এরপর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।
পরবর্তীতে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারদের তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রক্রিয়ায় কসটেপ মোড়ানো তিনটি পোটলা বের করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

