Logo
Logo
×

সংবাদ

দেশের ২৬তম প্রধান বিচারপতির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

দেশের ২৬তম প্রধান বিচারপতির শপথ গ্রহণ

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং অন্য উপদেষ্টারা।

গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। তিনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

২০২৩ সালের ১১ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। অবসরের বয়সসীমা পূর্ণ হওয়ায় শনিবার ছিল তার দায়িত্বের শেষ দিন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসেবে ২০২৮ সালের ১৭ মে তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে—সেদিন তিনি অবসরে যাবেন।

তার পিতা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী এবং মাতা প্রয়াত বেগম সিতারা চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করেন জুবায়ের রহমান চৌধুরী। এরপর তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় তার যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে, জজ কোর্টে। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০০৫ সালের ২৭ আগস্ট পূর্ণাঙ্গ বিচারপতি হিসেবে শপথ নেন।

২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন