তারেক রহমান শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালেন
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে ধানমন্ডিতে শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন।
বিকেল ৫টার দিকে তিনি যান ধানমন্ডির ‘মাহবুব ভবনে’। এটি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এই পরিবারের ছোট মেয়ে।
ঘরোয়া এই সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয় তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং জুবাইদার বড় বোন শাহিনা জামান বিন্দুর সঙ্গে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বজনদের সঙ্গে কিছুটা শান্ত-নিরিবিলি সময় কাটিয়েছেন তিনি।
মাহবুব ভবন পরিদর্শনের সময় তারেক রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে বিএনপির মিডিয়া সেল। ছবির ক্যাপশনে লেখা হয়েছে—‘প্রাণিপ্রেমী তারেক রহমান’।
ছবিতে দেখা যায়, একটি ছোট ঘরের সামনে জালের ভেতরে থাকা বিড়ালদের আদর করছেন তারেক রহমান।
তথ্য অনুযায়ী, লন্ডনে থাকাকালীন সময়েও তারেক রহমান ও তার পরিবার প্রাণির প্রতি ভালোবাসা দেখিয়েছেন। সেখানে তাদের মেয়ে জাইমা রহমান একটি বিড়াল পোষেন, যার নাম ‘জেবু’। ১৭ বছর পর দেশে ফেরার সময় জেবুও পরিবারের সঙ্গে এসেছে।
গত ২৫ ডিসেম্বর, দীর্ঘ নির্বাসনের পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান।

