তারেক রহমান ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন
ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য শনিবার দুপুরে তিনি নির্বাচন কমিশনে হাজির হন।
দুপুর ১টায় তিনি আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান—জমা দেন।
এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের এনআইডি প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন লাগবে।
নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। এজন্য দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই যথেষ্ট।
ইতোমধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। মনোনয়ন জমার শেষ দিন ২৯ ডিসেম্বর। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন।

