ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কবরস্থানে উপস্থিত হন।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।
এর আগে তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করলে সেখানে উপস্থিত নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান। তিনি গাড়ির ভেতর থেকে হাত নাড়িয়ে সাড়া দেন।
শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নবায়নের উদ্দেশ্যে আগারগাঁওয়ের পথে রওনা দেন তিনি।
তার যাত্রাপথে সড়কের দুই পাশে ভিড় জমায় দলের কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ। অনেকে তাকে একনজর দেখার আশায় দাঁড়িয়ে থাকেন।
এদিকে, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ আহতদের দেখতে তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল। তবে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, পঙ্গু হাসপাতালে বর্তমানে আহত কেউ না থাকায় তার আর সেখানে যাওয়ার প্রয়োজন হয়নি।

