Logo
Logo
×

সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা না পেয়ে যুবককে খুঁটিতে বেঁধে হাত-পা কেটে নেওয়ার চেষ্টা জামায়াত-শিবিরের

Icon

চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ এএম

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা না পেয়ে যুবককে খুঁটিতে বেঁধে হাত-পা কেটে নেওয়ার চেষ্টা জামায়াত-শিবিরের

নির্যাতনের শিকার যুবক। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঁদা না পেয়ে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ব্যাপক মারধর এবং দুই হাত ও পা কেটে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে। 

গত বুধবার সন্ধ্যায় (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জের উমরপুরে ঘাটে এই ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২৫)। তিনি শ্যামপুর–বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চাঁদার টাকা না পেয়ে সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বেঁধে ব্যাপক মারধর করে জামায়াত–শিবিরের কর্মীরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও এর প্রতিবাদ করার সাহস পায়নি। এক পর্যায়ে মৃত ভেবে সিজুকে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় ফেলে যায় জামায়াত শিবিরের ক্যাডাররা।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন সিজু অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাকে কুপিয়েছে জামায়াত–শিবিরের কর্মীরা। 

জামায়াত শিবিরের কর্মীদের মধ্যে আব্দুর রাজ্জাক, বিষের দোকানদা, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করেন সিজু।

অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন