Logo
Logo
×

সংবাদ

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে তারা শাহবাগে রাত কাটাতেও প্রস্তুত বলে জানান তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ মোড় অবরোধ করে। দুপুর আড়াইটার দিকে অবরোধ শুরু হয় এবং এরপর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন