বাবার কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান
জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবর জিয়ারত শেষে রওয়ানা হয়েছেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্ব পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে বেলা ৩টার একটু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। লাল সবুজ রঙে সাজানো বাসটিতেই চড়েই তিনি বাবার কবর জিয়ারত করতে আসেন। গতকাল বৃহস্পতিবার এই বাসেই তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে যান। গতকালের মতো আজকেও তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন। নেতা-কর্মীদের ভিড়ের কারণে তারেক রহমানের গাড়িবহর ধীর গতিতে চলতে হয়।
সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। কারও হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একপলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে আসেন।

