Logo
Logo
×

সংবাদ

ঘন কুয়াশায় লঞ্চ না চালানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

ঘন কুয়াশায় লঞ্চ না চালানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ এবং ঝালকাঠি যাওয়ার পথে থাকা এডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এ নির্দেশ দেওয়া হয়। ঘটনার পর নৌপরিবহন মন্ত্রণালয় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরাঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শনে গিয়ে নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় ৪ জন যাত্রী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে। এছাড়া লঞ্চ দুটির মালিকদের ডেকে দায়ী ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, লঞ্চ এডভেঞ্চার-৯-এর ৫ জন স্টাফকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় প্রতিটি লঞ্চে ফগ লাইট ও সাইড লাইট নিশ্চিত করার এবং লঞ্চের ফিটনেস ও লাইসেন্স নিয়মিত তদারকি করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন