বাবার কবর জিয়ারত করে দোয়া পাঠ করেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। এসময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
এর আগে বেলা ৩টার একটু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। লাল সবুজ রঙে সাজানো বাসটিতেই চড়েই তিনি বাবার কবর জিয়ারত করতে আসেন। গতকাল বৃহস্পতিবার এই বাসেই তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে যান। গতকালের মতো আজকেও তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন। নেতা-কর্মীদের ভিড়ের কারণে তারেক রহমানের গাড়িবহর ধীর গতিতে চলতে হয়।
সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। কারও হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন।
বাবার কবর জিয়ারত শেষে তাঁর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।
১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

