Logo
Logo
×

সংবাদ

যেকোনো মূল্যে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম

যেকোনো মূল্যে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে: তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরে প্রথমবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের এ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর ও শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, যেন কোনো উসকানিতে কেউ উত্তেজিত না হয়। জাতীয় নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রত্যাশিত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে দেশের মানুষের উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের জন্য। সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা তা বাস্তবায়ন করব।’

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তারেক রহমান নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গন করেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে মাটি ছুঁয়ে দেশের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে একমুঠো মাটি হাতে নেন তিনি। এরপর বুলেটপ্রুফ গাড়ির পরিবর্তে লাল-সবুজ রঙে মোড়ানো ‘সবার আগে বাংলাদেশ’ খচিত একটি বাসে করে সংবর্ধনা অনুষ্ঠানের দিকে রওনা হন।

পথে পথেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে বাঁধ ভেঙে পড়ে। তিন ঘণ্টারও বেশি সময় লেগে যায় ৩০০ ফিট এলাকায় পৌঁছাতে। সেখানে তিনি ১৬ মিনিট বক্তব্য দেন। তার সঙ্গে বাসে ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন