জুবাইদা-জাইমা ভিআইপি টার্মিনাল ছাড়লেন, ৩০০ ফিটে যাচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান দুপুর ১২টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ত্যাগ করেছেন। নিরাপত্তা সংস্থার কড়া পাহারায় তাঁদের বিমানবন্দর থেকে বের করে নেওয়া হয়।
দলীয় সূত্র জানিয়েছে, তাদের প্রস্থানের পর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারেক রহমান পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের দিকে যাত্রা করেন।
দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডন হয়ে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করে। এ ফ্লাইটেই তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান দেশে ফেরেন।
তারেক রহমান এই বাসে সংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন। ছবি: বিএনপির মিডিয়া সেল
বিমানবন্দরে নামার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে বরণ করে নেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
দেশের মাটিতে পা রাখার মুহূর্তে খালি পায়ে নেমে মাতৃভূমির মাটি ছুঁয়ে সালাম জানান তারেক রহমান। একটুকরো মাটি হাতে তুলে নিয়ে কপালে ঠেকিয়ে নিজের আবেগ প্রকাশ করেন তিনি।
এসময় তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোনে ধন্যবাদ জানান। নিরাপত্তা ও আগমন সংক্রান্ত বিভিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। ফোনে তিনি বলেন, ‘আপনার পক্ষ থেকে নিরাপত্তাসহ যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার জন্য আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।’
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি নেতাকর্মীদের সঙ্গে পতাকাবাহী একটি বাসে করে পূর্বাচলের দিকে যাত্রা করেন। সড়কের দুই পাশে অপেক্ষমাণ হাজারো কর্মী তাকে স্বাগত জানাতে স্লোগান দিতে থাকেন।
৩০০ ফিট এলাকায় পৌঁছে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন। এজন্য সেখানে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে ৩০টি এলইডি স্ক্রিন এবং ৯০০-র বেশি মাইক। রাজধানীর গুলশান, বনানী, বিমানবন্দর এবং যমুনা ফিউচার পার্ক এলাকা পর্যন্ত বিলবোর্ডেও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

