Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ এএম

বাংলাদেশের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজটি বুধবার লন্ডনের সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকার সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে) বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা শুরু করে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের লন্ডন–সিলেট–ঢাকা রুটের ফ্লাইট BG-202–এ এ–১ নম্বর আসন নির্ধারণ করেছে।

এয়ারলাইন সূত্র জানায়, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত ফ্লাইট BG-202–এ ভিআইপি যাত্রী থাকায় অপারেশনাল সমন্বয়, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। 

ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সূচি রয়েছে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে বেলা ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

এভিয়েশন কর্মকর্তারা জানান, ফ্লাইটটি বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।


তারেক রহমানের সফরসঙ্গী হলেন যারা

সূত্র জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাদের মধ্যে আছেন তারেকের স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।


এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন আছেন। 

এদিকে বুধবার সন্ধ্যায় লন্ডনে নিজ বাসা থেকে পরিবার–পরিজনসহ হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানিয়েছে বিমান সংশ্লিষ্ট সূত্র।

আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান–২ নম্বরে বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন