রাজধানীর হাতিরঝিল থানার জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ ভবনের সামনের ফ্লাইওভার থেকে ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সিয়াম একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। তিনি বলেন, মগবাজারে ফ্লাইওভারের নিচে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্তিশালী ককটেল বিস্ফোরণের কারণে তাঁর মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই পথচারী সেখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচ দিয়ে চলাচল করা এক যুবকের মাথায় পড়ে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

