নরসিংদী থেকে তকাল মঙ্গলবার রাতে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আতাউর রহমানের বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন (আটক) আদেশ রয়েছে। জিএমপির পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য ডিএমপিকে অনুরোধ জানানো হয়েছিল।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারের পর আতাউর রহমানকে ইতিমধ্যে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হতে পারে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন জানান, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।

